ছবি: সিলেটভিউ

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডের কদমতলী ওভারব্রিজ এলাকায় যানঝটে জনসাধারণ অতিষ্ট হয়ে পড়েছেন। একদিকে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড অন্যদিকে জকিগঞ্জ গোলাপগঞ্জমুখি বাস মিনিবাস স্ট্যান্ড। এগুরোর কারণে ওভারব্রিজের দু’পাশে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।

 


ওভারব্রিজ সংলগ্ন কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। স্ট্যান্ড থাকার কারণে বাস গাড়ীর হর্ণ, গাড়ীর দূষিত ধোয়া এসবের কারণে কোমলমতী শিক্ষার্থীদের নানা ধরণের সমস্যায় পড়তে হচ্ছে। মারাত্মক ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়। কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে এসে কদমতলী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে দাঁড় করিয়ে যাত্রী উঠায়।

 

পাশপাশি সিএনজিচালিত অটোরিক্সা, ব্যাটারীচালিত টমটম এসব যানবাহনের যাত্রী উঠানামা করতে গিয়ে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এসব যানজটে রোগীবাহী গাড়ী, স্কুল, কলেজ ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন।

 

কদমতলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্কুলের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে যানজট নিরসনের জন্য আগামী মঙ্গলবার মানববন্ধন করবে বলে জানা গেছে।

 

যানজটে আটকা পড়া লোকদের সাথে কথা বললে তারা জানান, প্রতিনিয়ত এমন যানজটের কবলে পড়তে হয় আমাদের। এই স্থানের যানজট নিরসনের জন্য ট্রাফিক বিভাগ যথেষ্ট কাজ করছে তবুও আরো জোরালো পদক্ষেপ নিলে অবশ্যই যানজট নিরসন করা সম্ভব। এ ব্যাপারে আমরা ট্রাফিক বিভাগের সু-দৃষ্টি কামনা করছি।

 

এ বিষয়ে ট্রাফিক ডিসি সুদিপ্ত রায় সিলেটভিউ-কে মুঠোফোনে বলেন, যানজট নিরসনের জন্য আমাদের ট্রাফিক পুলিশরা নিয়মিত ও যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে। যানঝট নিরসনের জন্য আমরা এই প্রাইমারী স্কুলের কাছেই একটি ট্রাফিক বক্স বসনোর চিন্তা ভাবনা করছি। যানবাহন যাতে এলোপাতাড়ি রাখতে না পারে এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে।

 

সিলেটভিউ২৪ডটকম/শোয়েব/ইকে