ছবি: ফাইল ছবি।

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৭জন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৩জন এজাহার নামীয় আসামী এবং বাকি ৪জন সন্দেহভাজন আসামী রয়েছেন।

 


শনিবার (১৮ জুলাই) রাতে ও রবিবার ভোরপর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

রবিবার (১৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। 

 

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর আলইসলাফ এলাকার মৃত প্রবিত্র চন্দ্র দাসের ছেলে সুবাস চন্দ্র দাস (৩২), একই এলাকার মৃত  ইফরান আলীর ছেলে মো শাহনুর আলী (৪২), বালুচর এলাকার মো. গাজী মিয়ার ছেলে মো. শাকিল (২০), মেজরটিলার মোহাম্মদপুর এলাকার মো. মলমের ছেলে মুয়াদ আহমদ মাহিব (২৪), নিপবন এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে শাহারিয়ার হোসেন রাহাদ (২২), মেজরটিলা ইসলামপুর এলাকার মৃত মজিবুর রহমানের মো. সাগর আহমদ (২৬) এবং মোগলাবাজার থানার আলমপুরের শাহা মঞ্জিল এলাকার শাহা আলমের ছেলে সাব্বির আহমেদ শাকিল।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘শুক্রবার ভোরে সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’ 

 

তিনি সিলেটভিউকে আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৩জন এজাহার নামীয় আসামী এবং বাকি ৪জন সন্দেহভাজন আসামী রয়েছেন। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’

 

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই’, ‘রঞ্জিত দাদা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘নাজমুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এসব স্লোগান দেন। এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেন, সিলেট নগরীতে এটি রঞ্জিত সরকারের অনুসারীদের মিছিল। মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬