হবিগঞ্জের মাধবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে নিখোঁজের দুই দিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সে ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, শনিবার সকাল ১১টার পর থেকে আলী হোসেন নামে ওই যুবক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রোববার এলাকায় মাইকিং করেন। পাশাপাশি স্বজন ও শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চেয়ে পোস্ট করেন।
সোমবার সকালে মহাদেবপুর গ্রামে তার বাড়ি পার্শ্ববর্তী এলাকার হাওরে বর্ষার পানিতে তলিয়ে থাকা একটি জমিতে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আলী হোসেনের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা কেউ জানে না।
এএসআই দেলোয়ার হোসেন বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০১




