পুকুরে গোসল করতে নেমে ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বগুড়ার কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।


নিহত শিশুরা হলো- ভালতা আদর্শ গুচ্ছগ্রামের মো. ফারুকের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং একই এলাকার রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। তাদের কেউই সাঁতার জানত না। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে জাকিরুল ইসলামের মরদেহ পানিতে ভাসতে দেখে এক প্রতিবেশী চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা আরও জানান, ফাহিম ও সুরাইয়ার বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। তারা গুচ্ছগ্রামে নানির সঙ্গে থাকত। ঘটনার সময় তাদের নানী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই অগোচরে পুকুরে নেমে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, ‘তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭