পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল ও প্রচার সম্পাদক বশির আহম্মেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২০ জুলাই) রাতে ঢাকা থেকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। সাবেক পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে।
পাবনা জেলা ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে সোমবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা ভাঙ্গুড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি।
অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে মকবুল হোসেন ও তার ছেলেদের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডার নিয়ন্ত্রণ, দখল-বাণিজ্য, দলীয় গ্রুপিংয়ের নানা অভিযোগ ছিল। এসব কারণে স্থানীয় আওয়ামী লীগের একাংশের মধ্যেও দীর্ঘদিন অসন্তোষ বিরাজ করেছিল বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর অবশেষে তারা পুলিশের হাতে গ্রেপ্তার হন।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকা দুই আসামিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চলমান মামলার তদন্তের অংশ হিসেবে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভাঙ্গুড়া থানার ওসি মো. সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাম হাসনাইন রাসেল ও বশির আহমেদ নামের দুজনকে ঢাকা থেকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তারা বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪




