ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে, এই সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি বলে জানিয়েছে র‌্যাব।

 


বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন কুলাসিন এলাকায় অভিযান দিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

 

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নবীনগর থানাধীন কুলাসিন এলাকায় একটি কাটা গাছের গোড়ার কাছে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে কাটা গাছের গোড়ার গর্তের ভেতর থেকে খাকি কাগজ ও পলিথিনে মোড়ানো ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র‌্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট ৪৯টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ০৬টি ম্যাগাজিন, ৩৭,০৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ০৪টি সাউন্ড গ্রেনেড, ০৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং ১৫৫টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এসব সফল অভিযান সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২