হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিদ্যুৎ সরবরাহে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। উপজেলার সর্বত্র দিনে-রাতে মিলিয়ে প্রায় ১৭-১৮ ঘণ্টা ধরে চলছে টানা লোডশেডিং, যা এখন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। দীর্ঘ এই ভোগান্তির জেরে গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও অসন্তোষ।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সাধারণ গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় কষ্ট করে পরীক্ষার হলে বসতে হচ্ছে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের। এছাড়া শিশু ও বয়স্ক মানুষেরাও পড়েছেন চরম কষ্টের মুখে। বিশেষ করে গত ৩-৪ দিনের বিপর্যয়ে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামগ্রিকভাবে জনজীবন হয়ে পড়েছে স্থবির।


গ্রাহকরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এদিকে বিষয়টি নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কোনো প্রতিনিধির সাড়া পাওয়া যায়নি।

এদিকে সামাজিক মাধ্যমে 'বানিয়াচং বিদ্যুৎ সেবা - Unofficial' নামের একটি পেজে এই বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়, ভুলতা গ্রিডের কাছাকাছি ভুলতা-টু-নরসিংদী ১৩২ কেভি লাইনের Y ফেজের কন্ডাক্টর ছিঁড়ে যাওয়ায় বর্তমানে বিকল্প ব্যবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ হয়ে নরসিংদী গ্রিড উপকেন্দ্র সচল রাখা হয়েছে, যার ফলে শাহজীবাজার গ্রিড থেকে মাত্র ৪০-৫০% লোড পাওয়া যাচ্ছে।

পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই পোস্টে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত স্থানে পাঁচটি স্প্যানের কন্ডাক্টর ড্যামেজ হয়েছে। ঠিকাদার ও প্রয়োজনীয় মালামাল ব্যবস্থা করে এসব স্প্যান পরিবর্তনের কাজ শুরু হবে। মেরামত শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও ২-৩ দিন সময় লাগতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।


 


সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-০৮