নওগাঁর বদলগাছীতে খালে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন- মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার। ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। সুমাইয়া কার্তিকাহার গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী। একপর্যায়ে নূর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামেন সুমাইয়া। এরপর তিনিও নিখোঁজ হন।
ঘটনা বুঝতে পেরে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, স্থানীয় লোকজন দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
বদলগাছী থানার ওসি রুহুল আমীন বলেন, হাসপাতালেই মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৯




