ছবি: সিলেট ভিউ।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। 

 


সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ-উভয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 

এ প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, ইউজিসির চেয়ারম্যান, শাবিপ্রবির রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

 

প্রসঙ্গত, এর আগে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক ছিলেন। ২০২৪ সালের ০১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬