হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বহরে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে- হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে সভা করে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। সভা শেষে গাড়ি বহর নিয়ে ফেরার পথে পথিমধ্যে কোর্ট মসজিদ এলাকায় হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। পরে শহরের সোনালি ব্যাংকের সামনে আবারো দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে এনসিপির মুখ্যসমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হয়। হামলার সময় সোনালি ব্যাংক চত্তরের ভেতরে গিয়ে আশ্রয় নেয় সারজিস আলম। পরে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সারজিস আলমকে উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জ সার্কিট হাউজে নিয়ে আসে।
এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের জানান- আমরা শান্তিপুর্ণভাবে কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত১৫ জন নেতাকর্মী আহত হয়।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন- পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ জাকারিয়া




