ছবি: ফাইল ছবি।

হবিগঞ্জে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে খোয়াই নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ওই যুবক একাধিকবার ধর্ষণ করেন ওই কিশোরীকে। আর এই ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 


মঙ্গলবার (২৮ জুলাই) আনুমানিক বিকাল পৌণে ৪টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন ৮নম্বর কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত যুবক শাহীন মিয়া (২৪)। সে হবিগঞ্জ জেলার সদর থানার ইনাতাবাদ এলাকার শরিফ মিয়ার ছেলে।

 

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ভিকটিম হবিগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা। তিনি কিছুটা মানসিক প্রতিবন্ধকতার কারণে সরল-প্রকৃতির হওয়ায় সহজেই প্রতারণার শিকার হন। অপরদিকে, আসামি শাহীন মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী। বিভিন্ন কাজের অজুহাতে সে প্রায়ই ভিকটিমের বাড়ির আশপাশে যাতায়াত করত এবং সুযোগ পেলেই তাকে বিভিন্নভাবে উত্যক্ত ও বিরক্ত করত। একপর্যায়ে সে কৌশলে ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ০৩ জুন ভিকটিমের পিতা-মাতা সাংসারিক কাজে বাড়ির বাইরে থাকাকালে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে হবিগঞ্জ সদর থানাধীন ইনাতাবাদ এলাকার মাছুলিয়া আকড়া সংলগ্ন খোয়াই নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে।

 

ঘটনার পর ভিকটিম আসামির কাছে বিয়ের দাবি জানালে সে তাতে অস্বীকৃতি জানিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে ভিকটিমের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পেরে তার পিতা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 

এরই ধারাবাহিকতায়  র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিএসসি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল হবিগঞ্জ জেলার সদর মডেল থানার মামলা নং-১৩, তারিখ-০৮/০৬/২০২৬ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ/২০২৫) এর ৯(১); এর মূলে হবিগঞ্জে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় এজাহারনামীয় একমাত্র আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭