বিএনপির সাবেক এমপির গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ এবং বিএনপি কার্যালয় ভাঙচুরের পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লাভলু খন্দকার (৩৮)। নজরুল ইসলাম আড়কাটিয়া গ্রামের আলী সরকারের ছেলে এবং লাভলু জোলাগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে লাভলু খন্দকারকে গ্রেপ্তার করা হয়।
 

এছাড়া ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে নজরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০