কণ্ঠশিল্পী সালমা সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছেন। সেই পোস্টে মেয়ের কাছ থেকে বিচ্ছেদের কষ্ট, একজন মায়ের অনুভূতি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।
 

নিজের ফেসবুক পোস্টে সালমা লিখেছেন, 'আমার স্নেহা, আমার মেয়েটা আজকে আমার কাছ থেকে চলে গেলো। হয়তো আমাদের আর দেখা হবে না। আমি তো মা, আমার সন্তান দূরে থাক আর যেখানে যাক, দোয়া করি ভালো থাকিস মা।'
 


মেয়ের বাবার কাছে থাকার প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, 'বাবার কাছে ছিলি এতদিন, রক্তের সম্পর্ক সবার আগে—আবারও তাই প্রমাণ হলো। বাবার কাছে ভালো থাকিস মা। সন্তান বাবার, মা শুধু নামে। আমার কাছে সাফিয়া থাকলো।'

পোস্টের শেষাংশে নিজের জীবনের সংগ্রামের কথাও তুলে ধরেন এই সংগীতশিল্পী। তিনি লেখেন, 'আমি জন্ম থেকে যুদ্ধ করতে করতে এই অব্দি এসেছি। আমি একজন শিল্পী, এই আমার পরিচয়। বাকি জীবনটা একজন শিল্পী হিসেবে পার করে দিতে চাই।'
 

সালমার এই আবেগঘন পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন। অনেকেই মন্তব্যে তার ও তার সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।

যদিও মেয়েকে নিয়ে এমন আবেগপূর্ণ বার্তা দেওয়ার কারণ বা বিস্তারিত কোনো ব্যাখ্যা সালমা তার পোস্টে উল্লেখ করেননি। তবে তার কথাগুলো একজন মায়ের গভীর বেদনা ও সন্তানের মঙ্গলকামনার প্রতিচ্ছবি হিসেবেই দেখছেন অনুসারীরা।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭