বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আশা করি, রাজপথে দেখা হবে। রাজনৈতিকভাবেই ইনশাআল্লাহ মোকাবিলা হবে। আর আজকে আপনার ক্ষমতার পতন শুরু হয়েছে, ইনশাআল্লাহ।’

শুক্রবার (৩১ জুলাই) জৈন্তাপুর থেকে ফিরে  দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের এই কথা বলেন।


নাসীরুদ্দীন বলেন, ‘এটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেককে উদ্দেশ্য করে বলব—আপনি মস্ত বড় একটা ভুল করেছেন। এই ভুলের কাফফারা আপনাকে দিতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে নিলাম। আমাকে একবার জেলে নেওয়া হয়েছিল, তার কাফফারা উনি দিয়েছেন, তারও ডিটেইলস আছে। আমি আপনাকে অনেক আগেই সতর্ক করেছিলাম, কিন্তু আপনি সতর্ক হননি। তাই এটা আমি পার্সোনালি নিলাম। আপনাকে এটার কাফফারা দিতে হবে।’


তিনি আরও বলেন, ‘আমাদের জীবন যে আপনার শাসনামলে নিরাপদ নয়, সেটি আজ বাস্তবে প্রমাণিত হলো। যদি ইটটি হাতে না লেগে মাথায় লাগত, তাহলে হয়তো এখন আমি জীবিত থাকতাম না।’

এর আগে গোয়াইনঘাট এনসিপির প্রোগ্রাম শেষ করে সিলেটে ফেরার পথে জৈন্তাপুর এলাকায় আসামাত্র জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় নাসীরুদ্দীনশ দুইজন আহত হন। হামলার ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘অনেক জোরে একটি ইট এসে লাগে। প্রথমে গাড়ির গ্লাস ভেঙে যায়। আমার সঙ্গে যে সহযোদ্ধা ছিল, সে অনেক রক্তাক্ত হয়েছে। এরপর আবার আমার কাছেও আঘাত এসেছে। গাড়িটা এখানে আছে। প্রোগ্রাম শেষ করে দুই-তিন মিনিট গাড়ি চলার পরই এই ঘটনা ঘটে। পুলিশ প্রোটোকল ছিল, পুলিশ চেষ্টা করেছে। আমরা পুলিশের দোষ দেব না।’


তিনি হামলার ঘটনায় আরও বলেন, ‘ ইশরাক দীর্ঘদিন ধরে রাজপথে কর্মসূচি করেছে এবং আজ মশাল মিছিল করেছে। এরপরই আমার ওপর হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। ফলে এই হত্যাচেষ্টার জন্য দায়ী ইশরাক।’

এই বিষয়ে আইনী পদক্ষেপ নিবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতদিন জীবিত আছি, ততদিন কোনো আইনি ব্যবস্থা নেব না। আমি মারা যাওয়া পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেব না।’

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১