ছবি: সংগৃহিত
সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-র কার্যকরী কমিটির সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের সদস্যরা আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচন করেন।
এতে আব্দুল কাইয়ুম চৌধুরী ৯২৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন, যা নির্বাচিত সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট।
আব্দুল কাইয়ুম চৌধুরী দীর্ঘদিন ধরে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত। ১৯৯১ সাল থেকে বিভিন্ন সময়ে তিনি সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের নিজস্ব ১৪ তলা ভবন নির্মিত হয়। এছাড়া ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্যে পূর্বাচলে ১০ কাঠা জমি ক্রয় করা হয়।
নির্বাচনে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমদ।
নির্বাচন পর্যবেক্ষণ করেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া আজীবন সদস্য হিসেবে ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের মানুষের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং অসহায় মানুষের সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি সিলেটবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সংগঠনটির শাখা ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে




