কয়েকটি দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করেছে ওমান। বিদেশিদের আবাসন আইনসংক্রান্ত নির্বাহী বিধিমালায় সংশোধনের মাধ্যমে এই সুবিধা দেওয়া হয়েছে।
স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করা এবং পর্যটন খাতকে আরও উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
রবিবার (২ আগস্ট) গালফ নিউজের খবরে বলা হয়, রয়্যাল ওমান পুলিশ সিদ্ধান্ত নম্বর ১০৯/২০২৬-এর মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে। দেশটির পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শারাইকি এই সিদ্ধান্ত জারি করেন। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
নতুন বিধানের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত দেশের নাগরিকদের ১৪ দিনের পর্যটন ভিসা বিনা মূল্যে দিতে পারবে। এই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দর্শনার্থীরা চাইলে এটিকে বিধিমালায় উল্লেখিত অন্য যেকোনো পর্যটন ভিসার শ্রেণিতে রূপান্তর করতে পারবেন। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসার জন্য নির্ধারিত যোগ্যতা, শর্ত ও ফি প্রযোজ্য হবে।
সংশোধিত বিধিমালায় ১৪ দিনের এই নতুন ভিসার শ্রেণিটি নির্বাহী বিধিমালার ১০ নম্বর ধারায় যুক্ত করা হয়েছে।
পাশাপাশি ২৯ নম্বর ধারার অধীনে থাকা সরকারি ভিসা সূচিতেও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে এই ভিসার ফি শূন্য ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে।
তবে কোন কোন দেশের নাগরিকরা এই বিনামূল্যের ভিসা সুবিধা পাবেন, সেই তালিকা এখনো প্রকাশ করেনি ওমানের কর্তৃপক্ষ।
তারা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেসব দেশের নাগরিকদের জন্য এই সুবিধা নির্ধারণ করবে, সেসব দেশের নাগরিকরাই ১৪ দিনের বিনা মূল্যের পর্যটন ভিসা পাবেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৯




