বিনোদন জগতের সিনেমার পর্দায় এখন রীতিমতো উড়ছেন কলকাতার লাস্যময়ী অভিনেত্রী মধুমিতা সরকার। সম্প্রতি এমডি ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমায় প্রধান চরিত্রে মধুমিতা সরকারকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এর পরই দেশের শোবিজ অঙ্গনে আলোচনায় উঠে আসেন কলকাতার এই অভিনেত্রী।
টালিউড ও ছোটপর্দা মাতিয়ে তিনি এবার দুই বাংলা তো বটেই, এমনকি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও নিজের ডানা মেলছেন। আর তার মধ্যেই এদিন প্রকাশ্যে এলো মধুমিতা সরকারের নতুন তেলেগু ছবির ঝলক। ভারতীয় গণমাধ্যম আজকালের বরাতে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি ‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে পা রেখেছেন মধুমিতা। জীবনের প্রথম বাংলাদেশি এই প্রজেক্টের শুটিংয়ের জন্য তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আর এর মধ্যেই এলো আরও এক দুর্দান্ত খবর—খুব শিগগির তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর!
প্রকাশ্যে এসেছে মধুমিতার নতুন তেলেগু সিনেমা ‘মায়া লেডি’-র টিজার। ছবিতে তার বিপরীতে রয়েছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা রাকেশ ভারে। প্রশঙ্কর পরিচালিত এ সিনেমাটি মূলত রোমান্টিক-সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার, যেখানে টানটান উত্তেজনা ও অ্যাকশনের পাশাপাশি থাকছে ভরপুর রোমান্স। জানা গেছে, চলতি বছরের বর্ষাতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলোচিত এই সিনেমা।
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’ কিংবা ‘কুসুম দোলা’ দিয়ে ক্যারিয়ার শুরু করে সিনেমা ও ওয়েব সিরিজে একের পর এক চমক দেখিয়েছেন মধুমিতা। এবার ঢাকাই সিনেমা আর দক্ষিণী অ্যাকশন থ্রিলারে একযোগে বাজিমাত করতে প্রস্তুত তিনি। সব মিলিয়ে দুই বাংলার দর্শকদের চোখ এখন এই লাস্যময়ী সুন্দরীর নতুন যাত্রার দিকে!
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২১




