আগামীকাল ৬ই আগস্ট সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং সমাজসেবক রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হবে।
 

আজ থেকে চার দশক আগে ১৯৮৪ সালের এই দিনে তিনি দেশের সেবা ও জনকল্যাণে আত্মনিয়োগ করা অবস্থায় ইন্তেকাল করেন।


সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও চরম আত্মত্যাগে গড়া তাঁর বর্ণাঢ্য ও প্রজ্ঞাবান কর্মজীবন স্মরণে কাল দেশে ও বিদেশে নানা ভাবগাম্ভীর্যময় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আগামীকাল সকালে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে চিরনিদ্রায় শায়িত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন খতম, কোরআনখানি ও বিশেষ মোনাজাত।
 

বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অসামান্য উদ্যোগ আজও ইতিহাসের পাতায় স্বরবর্ণে লেখা রয়েছে। এমনকি নৌবাহিনীর সকল সদস্যের সুবিধার্থে সমাধিস্থলের পাশের মসজিদের মিনার থেকে যেন প্রতি ওয়াক্তের আজানের শব্দ সরাসরি পৌঁছায়, সেটিরও চমৎকার উদ্যোগ নিয়েছিলেন তিনি।

কাল বাদ জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে প্রয়াত এই নৌ প্রধানের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

একই দিনে মরহুমের ধানমন্ডিস্থ বাসভবন ‘মাহবুব ভবন’-এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে বেগম মাহবুব আলী খান সকল শুভাকাঙ্ক্ষীকে দোয়ায় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

পাশাপাশি, ১৯৭৯ সালে বেগম মাহবুব আলী খান কর্তৃক প্রতিষ্ঠিত ছিন্নমূল শিশুদের সামাজিক প্রতিষ্ঠান ‘সুরভি’-তেও অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া ও মোনাজাত।
 

এ উপলক্ষে বেগম মাহবুব আলী খান স্মরণ করেন যে, স্বামীর অব্যাহত উৎসাহ ও প্রেরণা ছাড়া এই সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানটি গড়ে তোলা তাঁর পক্ষে সম্ভব হতো না।

শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাল রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ধানমন্ডির বায়তুল আমান ও তাকওয়া জামে মসজিদ, আজিমপুর দায়রা শরীফ মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, হাইকোর্ট মাজার মসজিদ এবং ভাসানটেকের বাইতুল মোয়াল্লা জামে মসজিদসহ শহরের প্রায় ২২টি মসজিদে বাদ জোহর ও আসর বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

একই সাথে বাউনিয়াবাদস্থ জামিয়া কুরআনিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, ভাষানটেক ক্যান্টনমেন্টের জামিয়া কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা এবং সোনারগাঁওয়ের সদরদী খানবাড়ি দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন এতিমখানায় কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
 

মরহুমের জন্মভূমি সিলেটজুড়েও কাল পালিত হবে নানা কর্মসূচি। সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবন, পারিবারিক জামে মসজিদ, লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা এবং সিলামস্থ জামেয়া ইসলামিয়া মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় পরিবার ও স্থানীয় সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দোয়া ও তোবারক বিতরণ করা হবে।

এছাড়া আসরের পর বিশ্বখ্যাত অলি হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহপরান (রঃ) দরগাহ মসজিদে পরিবারের পক্ষে খতমে কোরআন, দোয়া ও খাবার বিতরণ করা হবে।

স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও মিলাদ, দোয়া ও শিরনি বিতরণের কর্মসূচি রয়েছে। অন্যদিকে বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ, গাবতলী অন্ধ এতিমখানা এবং জামালপুরের দুরমুটে হযরত শাহ্ কামাল (রঃ) এর মাজারে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।


আন্তর্জাতিক পরিমণ্ডলেও আগামীকাল রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতি স্মরণে নানা আয়োজন রয়েছে। পবিত্র মক্কার কাবা শরীফ তাওয়াফ এবং মদীনা শরীফে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ওমরাহ পালনের সময় পবিত্র কাবা ঘর ধোয়ার পরম সৌভাগ্য তাঁর হয়েছিল, যা আজও তাঁর স্মৃতিবিজড়িত সংগ্রহের মাঝে সুরক্ষিত আছে।

যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদে সকালে কোরআন খতম ও জোহরবাদ দোয়া মাহফিল এবং বিকেলে রিজেন্ট লেক হলে স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও ফ্লোরিডার বিভিন্ন ইসলামিক সেন্টারে দোয়া এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর, পেনাং ও বুকিত বিনতাং বাংলাদেশ মসজিদসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী কোরআন খতম ও খাদ্য বিতরণ করা হবে। চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপের কেন্দ্রীয় মসজিদগুলোতেও কাল বিশেষ মোনাজাত আয়োজিত হবে।

উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের অসামান্য কর্মজীবনকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম’ প্রতিষ্ঠা করা হয়েছে। একই সাথে কার্ডিওভাসকুলার গবেষণা ও জনসেবার উদ্দেশ্যে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট’ এবং সিলেটে হৃদরোগ প্রতিরোধ ও বিনামূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসার লক্ষ্যে ‘ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ কার্ডিওলোজি অ্যান্ড রিসার্চ’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫