মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এলএল.বি. (অনার্স) প্রোগ্রামের ৫৩ ব্যাচের আয়োজনে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর অংশগ্রগহণে লেক্সগার্ড বিল্ডিংয়ে ‘সেফার জেনারেশন’ শীর্ষক কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। স্কুল শিক্ষার্থীদের প্রয়োজনীয় আইন বিষয়ে সচেতনতা তৈরি করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

আইনের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানটি বাস্তবায়নের দায়িত্বে থাকায় তাদের নেতৃত্বগুণের বিকাশ, ভবিষ্যতে আইন পেশায় সেবাকে ব্রত হিসেবে গ্রহণ, অন্যকে অধিকার ও অপরাধ সম্পর্কে সচেতন করা আর ধারণা প্রদানের মাধ্যমে শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞানার্জন প্রক্রিয়ার সুফল দীর্ঘস্থায়ী হওয়ার প্রয়াস পায়।


গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় বিদ্যালয়ের হলরুমে আইন ও বিচার বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক অপরাধ বিজ্ঞান বিষয়ের শিক্ষক গাজী সাইফুল হাসান। এসময়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল অংশে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আবু বক্কর সামি, বুশরা করিম মিথিলা এবং ফারদিন আহমেদ অয়ন যথাক্রমে সাইবার স্পেসে অপরাধ, শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং এবং বাল্যবিবাহ সংশ্লিষ্ট বিষয়ে প্রচলিত আইন সম্পর্কে ধারণা প্রদান করে শিক্ষার্থীদের সচেতন করে তোলার চেষ্টা করেন। পরবর্তীতে এ সকল বিষয়ে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তাদের মধ্য থেকে পনেরোজন সর্বোচ্চ নম্বরধারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীবৃন্দ স্কুল প্রাঙ্গনে দুটি ফলদ বৃক্ষের চারা রোপন করেন।

আইন অনুষদের ডিন প্রফেসর শেখ আশরাফুর রহমানের নির্দেশনায় আইন ও বিচার এবং বিভাগের প্রধান ড. এম. জেড. আশরাফুলের সহযোগিতায় কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধান করেন আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে