স্টুডেন্ট রিসার্চ কলোকিয়ামে তরুণ গবেষকদের উদ্ভাবনী গবেষণাপত্র উপস্থাপনের মধ্য দিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে "Emerging Voices: A Student Research Colloquium" শীর্ষক গবেষণা কলোকিয়াম। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই কলোকিয়াম অনুষ্ঠিত হয়।
কলোকিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ইশরাত ইবনে ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোস্তাক আহমাদ দীন (ভারপ্রাপ্ত ডিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ)। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ নাকিব সাদী (প্রক্টর ও অতিরিক্ত পরিচালক-IQAC), অনিক বিশ্বাস (সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ), আব্দুল্লাহ আল মাসুদ (সিনিয়র লেকচারার), এস. কে. শাহরিয়ার (সিনিয়র লেকচারার) এবং আবু ইউসুফ মূসা (লেকচারার)।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য, শিক্ষা এবং পরিবেশ-এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর তাঁদের চলমান গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং উপস্থিত শিক্ষক ও সহপাঠীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে আয়েশা আক্তার তার গবেষণাপত্র “Female Authority and Nationalism in Bankimchandra Chatterji's Debi Chaudhurani, or the Wife Who Came Home” উপস্থাপন করেন। তিনি ঔপনিবেশিক বাংলায় নারীর ভূমিকা, জাতীয়তাবাদ এবং দেবী চৌধুরাণী চরিত্রের ক্ষমতায়নের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন। তার উপস্থাপনায় উঠে আসে যে, নারীর নেতৃত্বের বিষয়টি গুরুত্ব পেলেও চরিত্রটি সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করতে পারেনি।
এরপর তামরিন হোসেন মাহা “Closing the Divide: A Comparative Analysis of Urban - Rural Educational Equity as a Driver for Sustainable Economic Development in Bangladesh” শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। তিনি গ্রামীণ ও শহুরে শিক্ষাব্যবস্থার বৈষম্য এবং এই বৈষম্য দূর করা দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরেন।
পরবর্তীতে আবুল হোসেন তার “Adapting to Climate Change in Moulvibazar: Local Knowledge, Water Insecurity, and Community Resilience” শীর্ষক গবেষণায় মৌলভীবাজার জেলার জলবায়ু পরিবর্তনজনিত সংকট, পানি নিরাপত্তাহীনতা এবং স্থানীয় জনগণের অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের অন্যতম অরক্ষিত জেলা হিসেবে মৌলভীবাজারের বাস্তবতা বিশেষ গুরুত্ব বহন করে।
সবশেষে পারভেজ মুসাররফ “Assessing Water Security in Kanaighat: Environmental Change, Community Responses, and Local Resilience” শীর্ষক গবেষণাপত্রে কানাইঘাট অঞ্চলের বিভিন্ন পরিবেশগত সমস্যা, পানি নিরাপত্তা এবং স্থানীয় জনগণের অভিযোজন ও সহনশীলতার বিষয়গুলো উপস্থাপন করেন।
প্রতিটি উপস্থাপনার শেষে শিক্ষক, সহপাঠী ও উপস্থিত শ্রোতাদের প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে ওঠে। গবেষণামনস্কতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমসাময়িক সামাজিক ও পরিবেশগত বিষয় নিয়ে শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




