ছবি: সংগৃহিত
সিলেট শহরতলীর দাসপাড়ায় মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে সিলেট-তামাবিল সড়ক থেকে মো. আলী হোসেন (৪৯) ও মো. সুজন আলী (২০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা চোরাকারবারী।
শনিবার (৮ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক ও চোরাই পণ্যের চালান জব্দ হয়।
আটককৃতরা হলেন, মো. আলী হোসেন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার জামালদি এলাকার আব্দুল কাদির ও রাশেদা বেগমের ছেলে এবং সুজন আলী সিলেটের বিশ্বনাথ থানার বড়গাও এলাকার মো. ইউসুফ আলীর ছেলে।
এসময় তাদের হেফাজত থেকে ৬ লাখ ১০ হাজার ৬৬০ টাকার ভারতীয় কসমেটিক্স উদ্ধারের পর জব্দ করা হয়েছে। তারা একটি যাত্রীবাহী বাসে চোরাই পণ্য বহন করছিলেন।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




