ছবি: সিলেট ভিউ।

সিলেটে হাসপাতালে আইসিইউ বেড না পাওয়ায় আট মাস বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট শহীদ সামসুদ্দীন হাসপাতালে এই ঘটনা ঘটে। মৃত ওই শিশুর নাম আয়ান আহমদ (০৮) মাস। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকার মোরশেদ আলম ও খোরশেদা বেগমের সন্তান।

 


পরিবারের অভিযোগ, শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে হাম উপসর্গ নিয়ে আয়ানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় আয়ানকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়। এবং বলা হয় পরবর্তীতে আইসিইউয়ের ব্যবস্থা হওয়া মাত্রই তাকে বেড দেওয়া হবে। কিন্তু সিলেট এমএজি ওসমানী হাসপাতালে আইসিইউ না পেয়ে পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসেন তারা। 

 

মোরশেদ আলম ও খোরশেদা বেগমের অভিযোগ, শামসুদ্দিন হাসপাতালে আনার পর শিশুটির অক্সিজেন প্রয়োজনের কথা জানানো হলেও হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের অক্সিজেনের ব্যবস্থা করে আনতে বলা হয়। এরপর আইসিইউর প্রয়োজন হলেও আইসিইউ দেওয়া হয়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর শিশুটির মৃত্যু হলে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে অভিযোগ তাদের।

 

এদিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান সিলেটভিউকে বলেন, ‘শনিবার (৮ আগস্ট) দুপুরের দিকে একটি শিশুকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে হাম উপসর্গের জন্য তাকে ভর্তি করা হয়। শিশুটি যখন এখানে আসে তখন আইসিইউ খালি ছিল না তখন। তাকে জরুরি বিভাগে নিয়ে পর্যবেক্ষণ করা হয়৷ পরে আইসিইউ খালি হওয়া সাপেক্ষে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রোগী মারা যায়৷’

 

তিনি আরও বলেন, ‘এর আগে শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে হাম উপসর্গ নিয়ে আয়ানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রোগীর পিতা-মাতা ওই হাসপাতালের কোনো ছাড়পত্র না নিয়ে এবং হাসপাতাল কতৃপক্ষকে না জানিয়েই তারা শিশুটিকে নিয়ে এখানে আসেন। যদি কখনও আইসিইউয়ের প্রয়োজন হয় তাহলে পূর্বপ্রস্তুতি নিয়ে রোগী স্থানান্তর করা হয়।’

 

এই মৃত্যুতে দুঃখ প্রকাশ করে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, কোনো রোগীর আইসিইউ প্রয়োজন হলে কর্তৃপক্ষ যোগাযোগ করেন। এক্ষেত্রে তারা সরাসরি অনুমতি ছাড়া স্বেচ্ছায় হাসপাতালে চলে আসেন। আগে থেকে যোগাযোগ করে আসলে ভাল হত।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫