এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
 

শনিবার (০৮ আগস্ট) দুপুরে পাবনার বেড়া উপজেলার মডেল থানা সংলগ্ন কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।


ছিনিয়ে নেওয়া সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে স্থানীয় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যান তারা।
 

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন —এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সেখানে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়।
 

তিনি আরও বলেন, ছিনিয়ে নেওয়া সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২১