ছবি: সংগৃহিত
সাতক্ষীরায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল এবং এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবির বিরুদ্ধে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রওশন আরা রুবি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। তার বাসা এবং সদরের বিলশিমুলবাড়িয়া এলাকার একটি মৎস্যঘেরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত বৈঠক হচ্ছে।
শিমুলবাড়িয়া গ্রামের স্বপন দাশের অভিযোগ, বিলশিমুলবাড়িয়া মৌজায় তাদের ৪৭ শতক জমি রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে রওশন আরা রুবি ওই জমি দখল করেন বলে দাবি তার। দীর্ঘদিন চেষ্টা করেও জমিটি দখলমুক্ত করতে পারেননি বলেও জানান তিনি।
অন্যদিকে রুবির চাচাতো দেবর প্রবাসী শরিফুল ইসলামের অভিযোগ, দেবহাটা থানার বালিথা মৌজার ‘ধাপার ঘের’ এলাকায় তাদের ৮ দশমিক ১৫ একর পৈতৃক ও রেকর্ডভুক্ত জমি রয়েছে। ২০১৮ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের ও সহযোগীরা জমিটি দখল করে মাছ চাষ শুরু করেন বলে অভিযোগ তার। এ ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন শরিফুল।
রওশন আরা রুবি বলেন, ‘আমার বাসায় কোনো গোপন মিটিং হয় না। আমি তো বাসাতেই থাকি না, ঢাকায় থাকি।’ জমি দখলের অভিযোগও মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, রওশন আরা রুবির গোপন বৈঠকের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে




