ছবি: সংগৃহিত

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর আবাসিক এলাকা থেকে আবুল হাসনাত সুলায়মান (৪২) নামের এক ট্রাভেলস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 


রবিবার রাত ৯টায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

নিহত আবুল হাসনাত সুলায়মান দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় ভাড়া করে থাকেন তিনি। শহরে তাঁর একটি ট্রাভেলস ব্যবসা রয়েছে।

 

পরিবার জানা যায়, ট্রাভেলস ব্যবসার দেনাপাওনা  নিয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন  এই ব্যবসায়ি। রবিবার সন্ধ্যার কোনো এক সময় পরিবারের অগোচরে বাসার একটি কক্ষের ফ্যানের সাথে গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করেন।

 

আত্মহত্যার আগে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে দুই ব্যক্তির ছবি যুক্ত করে তাদের বিরুদ্ধে ট্রাভেলস ব্যবসার মোটা অঙ্কের টাকা আত্মসাৎ ও প্রতারণার গুরুতর অভিযোগ তুলেন তিনি।

 

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ব্যবসার দীর্ঘ সময়ে বিভিন্ন মানুষের প্রতারণার কারণে তিনি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। সিদ্দিক আহমেদ নামের এক ব্যক্তির কাছে ৫ লক্ষ ৩৩ হাজার টাকা এবং কাওসারুজ্জামান তালুকদার নামের আরেক ব্যক্তির কাছে ১৪ লক্ষ টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে কাজ করছে পুলিশ।

 

সিলেটভিউ২৪ডটকম/শাহিদনূর/ইকে