প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে আওয়ামী লীগের মিছিল করানো সেই যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

সোমবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লার দেবিদ্বার থেকে তার নিজ বাড়ি থেকে আটক করেন।


সাদ্দাম মুন্সী উপজেলার বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ও ছোটশালঘর এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
 

জানা যায়, গত ৬ আগস্ট সকালে দেবিদ্বার উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করান সাদ্দাম মুন্সী। মিছিলটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর ওই যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী পালিয়ে যায়।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার সাব-ইন্সপেক্টর পাভেল মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
 

আটককৃত সাদ্দাম মুন্সী নাশকতার মামলা ছাড়াও চারটি মামলার চার্জসিটভুক্ত আসামি বলে থানা সূত্রে জানা যায়।

দেবিদ্বার থানার কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিলে সাদ্দাম মুন্সির অংশগ্রহণের প্রমাণ পেয়েছি। এছাড়াও কোমলমতি শিশুদের দিয়ে সে রাজনৈতিক দলের মিছিল করানোর পর এলাকা থেকে পালিয়ে যায়। সোমবার বাড়িতে আসার গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬