ছবি: জিয়াউর রহমান ফাইল ছবি।

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক (পশ্চিম) গ্রামে নিজ বাড়িতে দিনে দুপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে।

 


নিহত ওই যুবক জিয়াউর রহমান (৪০)। তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক (পশ্চিম) গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক বলে জানা যায়।

 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জিয়াউর রহমান স্থানীয় সারিঘাট বাজারে যান। বাজার থেকে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়িতে ফিরে বসত ঘরেরে শয়নকক্ষে দরজা-জানালা বন্ধ করে দেন। পরে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তার মা পারভিন বেগম খাবারের জন্য ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় জিয়াউর রহমানকে ঘরের তীরের সাথে গলায় গামছা পেছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাৎক্ষণিক থানাপুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন। 

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, রবিবার সকাল জিয়াউর রহমানের স্ত্রী তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এর পরদিনই জিয়াউর রহমানের আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪