থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশে সরকারি কার্যালয়ের বাইরে সাবেক এক পুলিশ কর্নেলকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দেশটির সাবেক সংসদ সদস্য চালং রেওরেংয়ের বিরুদ্ধে।
সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গুলিতে প্রাদেশিক কর্মকর্তা থংচাই ইয়েনপ্রাসের্ট গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এ ঘটনায় তার গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। তার হাত ও বাহুতে গুলি লাগে।
হামলার পর চালং রেওরেং এক পরিচিত রাজনৈতিক বিশ্লেষককে ফোন করে গুলি চালানোর কথা স্বীকার করেন। ওই সময় রাজনৈতিক বিশ্লেষক ইউটিউবে সরাসরি সম্প্রচার করছিলেন।
হামলার পেছনে তার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। তবে গুলির ঘটনার পর সন্দেহভাজনের বক্তব্য থেকে অর্থসংক্রান্ত বিরোধের ইঙ্গিত পাওয়া গেছে।
পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় থানায় এক সংবাদ সম্মেলন করেন চালং। সেখানে তিনি ঘটনার বিষয়ে বক্তব্য দেন।
ননথাবুরি প্রদেশে এ ঘটনা এমন এক সময় ঘটল, যখন একই এলাকায় কয়েক দিন আগেই এক কিশোর তার দাদা-দাদিকে গুলি করার পর একটি স্কুলে গুলি চালায়। ওই ঘটনায় সাতজন নিহত হন।
পরপর এসব সহিংস ঘটনায় ননথাবুরি প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শহরের রাস্তায় সতর্ক পাহারা বসিয়েছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৭




