বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদ থেকে জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দিলে ‘মারাত্মক ভুল’ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।


মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘যদি কোনো কারণে জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা বিবেচনাও করে ফিফা, তবে তারা একটি মারাত্মক ভুল করতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, তিনি (ইনফান্তিনো) এবার আগের আসরের চেয়ে চার গুণ বেশি সফল বিশ্বকাপ উপহার দিয়েছেন। তিনি না থাকলে বিশ্বকাপ কখনোই এত লাভজনক হবে না।

চাপের মুখে থাকা ফিফা সভাপতির বিরুদ্ধে এমন ক্ষোভের মধ্যেই উয়েফা এবং আরও দুটি মহাদেশীয় ফুটবল সংস্থা নিজেদের উদ্যোগে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা), এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (কনকাকাফ)— ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণা’র অভিযোগ তুলেছে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের মার্চে পুনরায় নির্বাচন না করে তাকে সসম্মানে পদত্যাগের সুযোগ দিতে চায় তারা। একইসঙ্গে চলমান এই সংকট থেকে সংস্থাগুলো নিজেদের সুরক্ষিত রাখতে চাইছে।

মূলত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি প্রস্তাবিতে কোম্পানির শেয়ার বেসরকারি খাতে বিক্রির সিদ্ধান্ত নিয়ে ইনফান্তিনোর বিরোধিতা শুরু করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ফুটবল সংস্থাগুলো। যদিও পরে এই প্রস্তাবের জন্য ক্ষমাও চেয়েছিলেন ইনফান্তিনো।

তবে উয়েফা, এএফসি এবং কনকাকাফ প্রধানদের স্বাক্ষরিত একটি খোলা চিঠিতে ইনফান্তিনোর ওই পরিকল্পনার স্বাধীন পর্যালোচনার জন্য ফিফাকে আহ্বান জানানো হয়েছে। যদিও সেখানে সরাসরি এই সুইস ফুটবল প্রশাসকের নাম উল্লেখ করা হয়নি।

চিঠিতে বলা হয়েছে, ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি ক্ষমতা কুক্ষিগত করে রাখা বা দাবি করার বিষয়ও নয়। বরং যে ফুটবল পরিবার এই দায়িত্ব যাকে অর্পণ করে, তাদের সেবা করাই ওই ব্যক্তির মূল কর্তব্য।

চিঠিতে আরও বলা হয়, যখন প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করা হয়, যখন কোনো ব্যক্তি তাকে নির্বাচিত করা প্রতিনিধিদের উপর নিজের কর্তৃত্ব স্থাপন করেন, তখন মূলত সেই কর্তব্যে (অর্পিত দায়িত্ব) অবহেলা করা হয়।

সূত্র: দ্যা গার্ডিয়ান
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯