দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিজয়ের ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন থামতেই চাইছে না। দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানতে দায়ের করা আইনি মামলা তুলে নিয়েছেন স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। এর পরপরই আবারও দেখা দিয়েছে বিতর্ক। মামলা প্রত্যাহারের ঘটনা যখন আলোচনার কেন্দ্রে, ঠিক তখনই রহস্যময় পোস্ট দিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ট্রেন্ডিং অভিনেত্রী তৃষা কৃষ্ণান।
 

দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেপাড়ায় বিজয়ের সঙ্গে তৃষা কৃষ্ণানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নানা চর্চা চলছে। সুপারস্টার ও তামিল মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে পরকীয়ার গুঞ্জনও ছিল। এ কারণে সঙ্গীতা স্বর্ণালিঙ্গম বিবাহবিচ্ছেদ মামলাও করেন। অবশেষে বহু দেনদরবারের পর পারিবারিক আদালত থেকে মামলা তুলে নেন বিজয়ের স্ত্রী।


বিজয়ের সংসারিক টানাপোড়েনের মধ্যেও এই জুটির নাম বারবার উঠে আসে। এবার পারিবারিক আদালতের ঘটনাপ্রবাহের মধ্যেই সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে তৃষার প্রথম বার্তাটি নজর কাড়ে নেটিজেনদের। সেখানে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এই বয়সে এমন নাটক করা সত্যিই লজ্জাজনক। তার চেয়ে বরং অর্থ উপার্জন করুন এবং শান্তিতে থাকুন।’
 

যদিও পোস্টে তৃষা কারও নাম স্পষ্টভাবে উল্লেখ করেননি, তবুও অধিকাংশ অনুরাগীর ধারণা—সঙ্গীতার মামলা প্রত্যাহারের এই নাটকীয় মোড়কেই নিশানা করেছেন তিনি।

এর কিছু পরই তৃষা শেয়ার করেন দ্বিতীয় একটি পোস্ট। প্রথম বার্তার তির্যক সুরের বিপরীতে গিয়ে অনেকটা স্বস্তির আমেজে তিনি লেখেন, ‘একসময় যে সুন্দর জীবনের জন্য প্রার্থনা করেছিলেন, অবশেষে সেই জীবনেই বুঁদ হয়ে থাকার চেয়ে সৌভাগের আর কী হতে পারে!’ এই বৈপরীত্যমূলক দুই বার্তা ঘিরে এখন সামাজিকমাধ্যমে জোর জল্পনা চলছে। সূত্র: আনন্দবাজার
 

ডিভোর্স মামলা প্রত্যাহারের মাত্র চার দিনের মাথায় সামাজিক যোগাযোগমাধ্যমে তৃষার পর পর দুটি রহস্যময় বার্তা বিনোদন জগতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। একদিকে স্ত্রীর মামলা প্রত্যাহার, অন্যদিকে তৃষার এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট—সব মিলিয়ে তামিল তারকার জীবনের এই রুপালি বিতর্ক এখন আলোচনার শীর্ষে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯