ছবি: সংগৃহিত

দুই কারণে সিলেটবাসী নরক যন্ত্রণায় ভুগছেন। আর তা হল অসহনীয় লোডশেডিং ও বর্ষণহীন শ্রাবণের অসহনীয় গরম। মোটামুটি টানা কয়েকদিন সিলেট অঞ্চলের শহর- বন্দর বা গ্রামের জনজীবনে বিরাজ করছে চরম হতাশা অসন্তোষ।

 


বুধবারও (১২ আগস্ট) সিলেট অঞ্চলে বৃষ্টি ছিলনা। গরমে হাঁসফাস করেছেন নগরবাসী। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৭ দশমিক ৪ মিলিমিটার!

 

প্রকৃতির এমন বৈরিতায় কাজকর্মের গতি অনেকটাই হ্রাস পেয়েছে। বিশেষ করে কায়িক পরিশ্রমের সঙ্গে জড়িতখাতগুলো অনেকটাই স্থবির। যেমন, নির্মাণখাত। এ খাতের সঙ্গে জড়িত বলতে গেলে একেবারে নিস্ক্রিয় অবস্থায় আছেন। আর রিকশা ঠেলাওয়ালারা পেটের দায়ে কাজ বের হচ্ছেন ঠিকই, তবে গরমের সঙ্গে আর পেরে উঠছেন না। তাই প্রায়ই রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে তাদের বিশ্রাম নিতে দেখা যাচ্ছে।

 

এদিকে আবার লোডশেডিংয়ের অবস্থাও ভয়াবহ। বিদ্যুৎ কখন যাবে আর কখন আসবে, তার কোনো ঠিক-ঠিকানা নেই। অনেক সময় ঘন্টায় দু’একবারও আসা যাওয়া করছে।

 

এ অবস্থায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বভাসে সিলেট অঞ্চলের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওযা অফিস। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও করা হয়েছে।

 

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলেও জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে