ছবি: সংগৃহিত

সিলেটের ওসমানীনগরের কাশিকাঁপন এলাকায় দুটি বাসের মুখোমুখি সংষর্ষে ৯ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে গঠিত কমিটি আরও ৭ দিন সময় চেয়েছে।

 


গত ৫ কার্য দিবসে এ কমিটি কেবল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। যাত্রী বা চালক, কারো সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কমিটির প্রধান, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

 

দুর্ঘটার পরদিন ৮  আগস্ট ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল এবং বৃহস্পতিবার ছিল শেষ দিন।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি সিলেটভিউকে জানিয়েছেন কমিটির প্রধান ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

 

কমিটির সদস্য সচিবের দায়িত্বে আছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যান্যদের মধ্যে আছেন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি।

 

উল্লেখ্য, গত ৭ আগস্ট সকালে সিলেটের ওসমানীনগর থানার কাশিকাঁপন এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়।

 

অতিরিক্ত গতি ও চালকের ঘুমিয়ে পড়াকে দুর্ঘটনার কারণ হিসাবে চিহ্নিত করছেন দুটি বাসের যাত্রী ও সংশ্লিষ্ট অন্যান্যরা। এতে আহত হয়েছেন আরও অনেকে। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

দুর্ঘটনার পরপরই দুটি বাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-২