সিলেট বিভাগে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত—দুই ধরনের রোগী মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১৪ আগস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জের জেলা সদর হাসপাতালে যথাক্রমে ৫ ও ৪ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ২৮০ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৫ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, মাউন্ট এডোরা হাসপাতালে ১, নর্থ ইস্ট হাসপাতালে ৬, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩০, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে দুই শিশুর মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। মৃতদের একজন সিলেটের রওয়াইনঘাট এলাকার ৭ মাস বয়সী শিশু ইয়াসিন। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
অন্যজন সুনামগঞ্জের ৫ মাস ১৯ দিন বয়সী শিশু মো. সাইফান। সেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রতিবেদনে শিশু দুটির বয়স, অভিভাবকের নাম ও ঠিকানার তথ্যও উল্লেখ করা হয়েছে।
জেলা হিসেবে হাম ও সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জে। এ জেলায় সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে আরও একজনের। সব মিলিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৫৫।
সিলেটে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৪৪ জনের এবং নিশ্চিত হাম রোগে ৪ জনের। ফলে জেলায় মোট মৃত্যু ৪৮ জন।
মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১২ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে—মোট ১৩ জন। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ১৭ জনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে মৃত্যুর তথ্য নেই।
সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ




