ছবি: ফাইল ছবি।

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট)  দুপুর আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

 


নিহত ওই গৃহবধূ রিপা আক্তার (২৪)। তিনি উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রামের রাসেল আহমদের স্ত্রী এবং আব্দুর রহমানের মেয়ে।

 

জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) নামাজের জন্য বাইরে ছিলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকার রাসেল আহমদ। দুপুর আনুমানিক দেড়টার দিকে রাসেল বাড়িতে ফিরে ফিরে দেখতে পান, বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এ সময় তিনি স্ত্রীকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করেন।

 

পরে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিপা আক্তারকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিক রিপা জীবিত আছেন ভেবে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিপা আক্তারকে মৃত ঘোষণা করেন।

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ময়নাতদন্তের জন্য গৃহবধূ রিপা আক্তারের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৩