ছবি: সিলেট ভিউ।
মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে (জেসিইএসসি) চ্যারিটি ক্লাবের উদ্যোগে তিনটি মানবিক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্যোগগুলো হলো- বিনামূল্যে নিরাপদ পানীয় জল সরবরাহ কেন্দ্র ও বিনামূল্যে খাদ্য কর্নার, দাতব্য বাক্স এবং পুরোনো কাপড় ও জুতা সংগ্রহ বাক্স।
আজ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিইএসসির সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. সাইফুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আরিফুর রহমান, পিএসসি, পিএইচডি, এইইসি, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং চ্যারিটি ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশে মানবিকতা, উদারতা, সহমর্মিতা ও নিঃস্বার্থ সেবার গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহমর্মিতা, সহানুভূতি ও মানবিকতাকে জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে ধারণ করার পরামর্শ দেন।
চ্যারিটি ক্লাবের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। একটি খাবার ভাগ করে নেওয়া, এক গ্লাস নিরাপদ পানীয় জল সরবরাহ কিংবা প্রয়োজনীয় মানুষের জন্য কাপড় ও জুতা প্রদান—ছোট ছোট এসব উদ্যোগ মানুষের জীবনে স্বস্তি, আশা ও মর্যাদা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠান আয়োজন ও বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় জেসিইএসসি চ্যারিটি ক্লাবের আহ্বায়ক ও সহকারী শিক্ষক রুহুল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
জেসিইএসসি কর্তৃপক্ষ মনে করে, শিক্ষা শুধু একাডেমিক সাফল্য অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মানবিক, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাও শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। চ্যারিটি ক্লাবের এসব উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নে একটি প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১




