ছবি: সিলেট ভিউ।
সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগরে একটি গাছ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেক্টরের মোকাম আকাশী টিলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উদনা চা-বাগানের মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। মঙ্গল বাউরী অমূল্য বাউরীর ছেলে।
পুলিশ জানায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উদনা চা বাগানের উতল বাইড়র ছেলে মঙ্গল বাউরী (৩৫) বিয়ে করেছিলেন জুড়ি উপজেলার কাতনা পাহাড় চা বাগানে। তার ১টি সন্তান রয়েছে। এদিকে একই এলাকার (উদনা চা বাগান) প্রয়াত নিমাই বাইড়ির সাথে বিয়ে হয়েছিল কাতনা পাহাড় এলাকার অতুল বাউরীর মেয়ে বিনতা বাউরী সঙ্গে। তাদের ঘরে রয়েছে ৩টি সন্তান। দুই বছর আগে নিমাই বাউরী মারা যাওয়ার পর তার স্ত্রী বিনতা বাউরী ৩ সন্তান নিয়েই বসবাস করছিলেন।
সম্প্রতি মঙ্গল বাউরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বিনতা বাউরী। প্রায় এক মাস আগে মঙ্গল বাউরী ও বিনতা বাউরী কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকে বাড়িতে না এসে তারা বিভিন্ন স্থানে দেখা করতেন। এবং একসাথে রাত্রিযাপন করতেন। সর্বশেষ দুই-তিন থেকে তাদের দুইজনকে এলাকায় দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে পাশ্ববর্তী মাথিউড়ায় চা-বাগানের আকাশি টিলার একটি নিম গাছের তাদের উভয়ের লাশ ঝুলতে দেখেন স্থানীয় পাহারাদার। তাৎক্ষণিক তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে চা-বাগান কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। তাদের আত্মীয়স্বজন জানিয়েছেন উভয়ের পারিবারিকভাবে কলহ চলছিল। এনিয়ে তারা আত্মহত্যা করে থাকতে পারেন।’
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘নিহত দম্পতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’
সিলেটভিউ২৪ডটকম/ সোহেল/ এহিয়া-০৩




