আসন্ন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে না। বৃহস্পতিবার (২০ আগস্ট) এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্ট আয়োজনের জন্য বোর্ডের হাতে যথেষ্ট সময় নেই বলে জানান সাবেক এই অধিনায়ক।

 


বিপিএল ঘিরে তৈরি হওয়া বিভিন্ন অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি লঙ্ঘন এবং বিশাল অঙ্কের আর্থিক লোকসান কাটিয়ে উঠতে টুর্নামেন্টটি আপাতত বন্ধ রেখে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ড সভাপতির দাবি, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে বিসিবির।

 

তামিম বলেন, 'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি না, ততক্ষণ লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।'

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম। আসন্ন মৌসুমে (২০২৬-২০২৭) টুর্নামেন্টটির কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হচ্ছে না।

 

তামিম আরও বলেন, 'গত দুই বছরে বিপিএলে ৪০ কোটি টাকা লোকসান করেছে বিসিবি। আমাদের ইচ্ছা আছে এক হাজার শতাংশ এটা (আয়োজন) করার। কিন্তু আমি তাড়াহুড়া করতে চাই না। এটা সঠিকভাবে করতে যদি ৬, ১২ বা ২৪ মাস সময় লাগে আমি সেই সময় নেব। বিপিএলকে (বিসিবির জন‍্য) লাভজনক পর্যায়ে নিয়ে গিয়েই আমরা বিপিএল আয়োজন করব।'

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক / আশিক-১২