ছবি: সংগৃহিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয় সংসদ সদস্য।

 


বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা ১০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও ছয়জন ভোটদানে বিরত ছিলেন। তাদের মধ্যে কয়েকজন বিদেশে চিকিৎসাধীন ও দেশের বাইরে অবস্থান করছেন।

 

ভোট না দেওয়া ছয় সংসদ সদস্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সিলেট-৫ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান এবং জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

 

সংসদ সূত্র ও সংশ্লিষ্টদের তথ্যমতে, মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন থাকায় ভোট দিতে পারেননি। বিএনপির সংসদ সদস্য ড. ওসমান ফারুকও ভোটকেন্দ্রে উপস্থিত হননি।

 

অন্যদিকে, খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান দেশের বাইরে অবস্থান করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদের।

 

এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকেও ভোটকেন্দ্রে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

 

এদিকে, ভোটদানে বিরত থাকা রুমিন ফারহানা রাষ্ট্রপতি নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের ভোট’ আখ্যা দিয়েছেন। তার দাবি, নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল। ফলে এমন নির্বাচনে ভোট দেওয়ার কোনো অর্থ তিনি দেখেননি।

 

রুমিন ফারহানার মতে, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটিকে নির্বাচন বলা যায় না। ফলাফল কী হবে, তা যখন আগেই জানা থাকে, তখন সেটি নির্বাচন নয়, বরং মনোনয়ন।

 

রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাহলে এটাকে ভোট কেন বলব। সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়।’

 

অন্যদিকে, প্রথমে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েও পরে ভোট দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। ফলে শেষ পর্যন্ত ভোটদানে বিরত থাকা সংসদ সদস্যের সংখ্যা ছয়জনে দাঁড়ায়।

 

বিএনপির সংসদ সদস্য আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ আদালতের রায়ে বাতিল হওয়ায় বর্তমান সংসদে সংরক্ষিত নারী সদস্যসহ রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে