ছবি: সিলেট ভিউ।
২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একের পর এক মামলা দায়েরের পর সিলেটে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশে ছেড়ে ভারতে পালিয়ে যান। অনেকেই আবার ভারত ছেড়ে যুক্তরাজ্য কিংবা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান। ওই সময় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। দীর্ঘদিন ভারতে অবস্থান করলেও সম্প্রতি বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে তিনি দেশে ফিরেছেন। এবং ইদানিং বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় আছেন। কিন্তু গুঞ্জন থাকলেও এখনও প্রকাশ্যে তাকে দেখা যায় নি বলেও জানা যায়।
নির্ভরযোগ্য সূত্র জানায়, সর্বশেষ দক্ষিণ সুরমা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে রাহেল সিরাজের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। কিন্তু তিনি এখনও পলাতক রয়েছেন।
গত বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মো. আফসার উদ্দিন।
জানা গেছে, গত ৬ আগস্ট সকাল পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে দক্ষিণ সুরমা থানার ৩ নম্বর তেতলী ইউনিয়নের বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে এবং সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন নির্মাণাধীন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন পরস্পর যোগসাজশে উসকানি, মদদ ও ষড়যন্ত্রের মাধ্যমে সরকারবিরোধী ঝটিকা মিছিল করেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলটি আয়োজন করা হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এতে আরও অভিযোগ করা হয়, বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে উগ্রবাদ প্রচার ও প্ররোচনা দেওয়া হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়।
এজাহার অনুযায়ী, ৬ আগস্ট সকালে তেতলী ইউনিয়নের বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে এবং সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন নির্মাণাধীন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মামলাটি করা হয়েছে।
মামলার প্রধান আসামি রাহেল সিরাজ (৩০) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মাইজভাগ এলাকার মৃত উজ্জ্বল আহমদ বখতিয়ারের ছেলে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১২




