ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মনিবন্ধন সনদে পৌর প্রশাসকের স্বাক্ষর নিতে গিয়ে মৌলভীবাজারের বড়লেখায় এক যুবক আটক হয়েছেন। পরে যাচাই-বাছাইয়ে সনদটি জাল প্রমাণিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরসভায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আসাদুল ইসলাম পলাশ (২৮)। তিনি পৌরশহরের হাটবন্দ এলাকার আব্দুল হকের ছেলে।
জানা যায়, আসাদুল ইসলাম নিজের নামে একটি জন্মনিবন্ধন সনদ তৈরি করেন। পরে সনদটিতে পৌর প্রশাসকের স্বাক্ষর নেওয়ার জন্য তিনি বৃহস্পতিবার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার কার্যালয়ে যান। সনদটি দেখে পৌর কর্তৃপক্ষের সন্দেহ হলে তা যাচাই-বাছাই করা হয়। একপর্যায়ে সনদটি জাল বলে নিশ্চিত হওয়া যায়। পরে আসাদুল ইসলাম পলাশকে আটক করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ২১(২) ধারা লঙ্ঘনের অপরাধে আসাদুল ইসলাম পলাশকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক নাঈমা নাদিয়া বলেন, ‘জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন তৈরির দায়ে ওই যুবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্ত করে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১




