সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা পাথর কোয়ারি থেকে উত্তোলিত পাথর নিলামে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় চরার বাজার সিএনজি স্ট্যান্ডে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


এর আগে গত ১০ আগস্ট খনিজ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর উন্মুক্ত নিলামে বিক্রি হয়। নিলামে ৪১০টাকা ঘনফুটে আজিজুল হক নামে এক ব্যবসায়ী পাথরগুলো ক্রয় করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৬ বছর আগে উৎমা পাথর কোয়ারি লিজ থাকাকালীন সময়ে এই পাথরগুলো বিভিন্ন মানুষের ঘরবাড়ির আঙ্গিনায় স্তুপ করে রাখা হয়। লিজের মেয়াদ শেষ হওয়ায় বৈধভাবে পাথর পরিবহনের অনুমতি না থাকায় সরকারের আইন মেনে পাথরগুলো এখান থেকে সরানো হয়নি।

বক্তারা আরও বলেন, স্থানীয়দের মজুত করা পাথরগুলো সরকারি রয়্যালিটির মাধ্যমে বিক্রির সুযোগ দিলে তারা তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তাই স্থানীয়দের স্বার্থ বিবেচনা করে নিলাম বাতিল করে সরকারি রয়্যালিটির মাধ্যমে পাথর বিক্রির সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মো. ফয়জুর রহমান, মাওলানা আব্দুর নুর, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহমেদ ফরহাদ, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহাজান মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক উছমান গনি, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি রুহুল আমিন সিরাজী, মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলার সদস্য আবদুল গাফফার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন ও শামসুদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উত্তর রনিখাই যুব জমিয়তের মাওলানা অলিউর রহমান, ছাত্রদল নেতা গোলাম মোস্তফা, উত্তর রনিখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির আহমদ, যুগ্ম আহ্বায়ক লাহীন আহমদ, রবিউল আহসান রাকিব, পূর্ব ইসলামপুর ছাত্রদলের সভাপতি আমিন রশিদ, ছাত্রদল নেতা এমরান আহমদ, লিটন আহমদ, রাসেল আহমদ, দিলোয়ার হুসেন, এমসিপি নেতা মো. সামসু এবং যুবদল নেতা আব্দুর রহমানসহ অনেকে।

সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১২