'কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়।' বাউল সম্রাট প্রয়াত শাহ আবদুল করিমের সুরে, মাঝিদের গান, করতালি ও বৈঠার ছন্দে মুখর হয়ে উঠে পুরো হাওর।
শনিবার (২২ আগস্ট) দুপুর থেকেই শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও এলাকার হাওরে চারিদিকে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ভিড় জমে। শত শত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে হাওরে উপস্থিত হন এলাকাবাসী। তাদের উচ্ছ্বাস আর নৌকার সারিতে হাওর হয়ে ওঠে উৎসবমুখর।
এই নৌকা বাইচ প্রতিযোগিতায় নৌকা নিয়ে অংশ গ্রহণ করেন শাল্লার ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার, শান্তিনগর গ্রামের ফখরুল ইসলাম, নাছিরপুর গ্রামের মাতাব আলীসহ আরো কয়েকটি নৌকা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শান্তিনগর গ্রামের ফখরুল ইসলামের নৌকা। দ্বিতীয় স্থান অধিকার করে ইয়ারাবাদ গ্রামের মুহিত মিয়ার নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে নাছিরপুর গ্রামের মাতাব আলীর নৌকা।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের এমপি নাছির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল আউয়াল, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল আহমদ।
এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সুনামগঞ্জ-২ আসনের এমপি নাছির উদ্দিন চৌধুরী। নৌকা বাইচ দেখতে হাওরের চারপাশে ভিড় করেন হাজারো দর্শনার্থী। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সারা উপজেলাজুড়ে।
সিলেটভিউ২৪ডটকম/সন্দ্বীপন/আশিক-০৬




