চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
 

রবিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আব্দুল খালেক (৬৬) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে ফজরের নামাজ আদায় করে মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থা উদ্ধার করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌকির বলেন, ‘হাসপাতালে আনার আগেই আব্দুল খালেকের মৃত্যু হয়েছে।’
 

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ‘পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া আব্দুল খালেকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। দুর্ঘটনা জড়িত গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬