প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর কেন্দ্র করে ছয় দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং তাঁর নিউইয়র্ক অবস্থানকালে বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে দল ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
 

২১ আগস্ট অনুষ্ঠিত বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের এক যৌথ ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা এবং নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়।
 


বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর আমেরিকা সমন্বয়ক আনোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

সভায় আরও বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ এবং নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।
 

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মকসুদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, খোরশেদ আলম, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম এবং সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর সরোয়ার্দ,  জাতীযতাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বাবর উদ্দিদ প্রমুখ   সভায় যুক্ত ছিলেন। 

সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী যতদিন নিউইয়র্কে অবস্থান করবেন, ততদিন বিএনপি ও অঙ্গসংগঠন গুলোর নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকবেন। এর অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে বৃহৎ শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

সমাবেশে ব্যাপক লোকসমাগম নিশ্চিত করতে নিউইয়র্কের পাঁচ বরোতে বিএনপি ও অঙ্গসংগঠন গুলোর পক্ষ থেকে জনসংযোগ চালানো হবে। এ লক্ষ্যে নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন এলাকার দায়িত্বও বণ্টন করা হয়েছে বলে সভায় জানানো হয়।

দলীয় সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসবেন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন এবং ২৫ সেপ্টেম্বর একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক অবস্থানকালের পুরো সময় জুড়ে স্বাগত কর্মসূচি, শান্তি সমাবেশ, জনসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫