ছবি: ফাইল ছবি।

সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির আহমদ নামের ১০ মাস ১৫ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৮ জন। এ নিয়ে বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৮ জন।

 


সোমবার (২৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

মৃত শিশুটি হবিগঞ্জের নবীগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তার বয়স ১০ মাস ১৫ দিন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে শিশুটির চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।

 

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫১ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৫ জন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন চিকিৎসাধীন রয়েছেন।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ১৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৪৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত হাম রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

 

সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। জেলায় এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে।

 

অন্যদিকে নিশ্চিত হাম রোগীর মৃত্যুর সংখ্যা সিলেট ও হবিগঞ্জে চারজন করে। মৌলভীবাজার ও সুনামগঞ্জে নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে একজন করে।

 

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, সন্দেহজনক ও নিশ্চিত- দুই ধরনের হাম রোগী মিলিয়ে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

 

স্বাস্থ্য বিভাগের এই পরিসংখ্যান বলছে, নতুন করে নিশ্চিত রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক রোগী ভর্তি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় সিলেটের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫