তামিলনাড়ুর নারীদের জন্য বছরে তিনটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান সি জোসেফ বিজয়।
সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় তিনি এ ঘোষণা দেন। ‘অন্নপূর্ণী সুপার সিক্স’ প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার এ সুবিধা পাবে। খবর হিন্দুস্তান টাইমসের।
অন্নপূর্ণী সুপার সিক্স প্রকল্প বাস্তবায়নে বছরে প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী জানুয়ারিতে পোঙ্গল উৎসব থেকে প্রকল্পটি চালু হবে বলে জানিয়েছেন বিজয়।
তিনি বলেন, যেসব পরিবারের বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার রুপির বেশি নয়, তারা এ প্রকল্পের আওতায় আসবে। পাশাপাশি অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারও এ সুবিধা পাবে।
তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তেল বিপণনকারী সংস্থার সরকারি বিলের ভিত্তিতে গ্যাসের সিলিন্ডার কেনা ও সরবরাহের পর এর মূল্য সংশ্লিষ্ট পরিবারের নারী প্রধানের ব্যাংক হিসাবে সরাসরি জমা দেওয়া হবে।
এ ছাড়া নারীদের জন্য চালু থাকা বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধাও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন বিজয়। সরকারি সাধারণ বাসের পাশাপাশি এক্সপ্রেস ও ডিলাক্স বাসেও নারীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। এ ক্ষেত্রে আয়সীমা বা কতবার যাতায়াত করা যাবে, এমন কোনো সীমাবদ্ধতা থাকবে না।
এদিকে চেন্নাইয়ের কাছে পারান্দুরে দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও আপাতত বাতিলের ঘোষণা দিয়েছেন বিজয়। তিনি বলেন, প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের ফলে কৃষিজমি, কৃষকদের জীবিকা ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তবে চেন্নাইয়ের ক্রমবর্ধমান চাহিদা, শিল্পের সম্প্রসারণ ও পণ্য পরিবহন বৃদ্ধির কারণে নতুন একটি বিমানবন্দর প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
বিজয় বলেন, চেন্নাইয়ের মীনামবাক্কম বিমানবন্দর বর্তমানে বছরে ৩ কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা রাখে। নতুন বিমানবন্দর এমন স্থানে নির্মাণ করা উচিত, যেখানে কৃষিজমি ও আবাসিক এলাকার ওপর প্রভাব যতটা সম্ভব কম হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭




