যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার মিউডলসব্রো এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্লিভল্যান্ড পুলিশ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 

পুলিশের তথ্য অনুযায়ী, একটি ভক্সওয়াগেন পাসাত গাড়ি সড়কে উল্টোদিকে চলছিল। স্থানীয় সময় রাত ৩টা ৩৯ মিনিটের দিকে পুলিশের একটি গাড়ির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িতে থাকা মোট সাতজনই ঘটনাস্থলে নিহত হন। ভক্সওয়াগন গাড়িতে পাঁচজন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
 


পুলিশ জানায়, এর আগে কর্মকর্তারা একটি ‘সন্দেহজনক গাড়ি’ দেখতে পেয়ে সেটিকে অনুসরণ করা শুরু করেছিলেন। তবে কীভাবে গাড়িটি সড়কের বিপরীত পাশে চলে গেল এবং সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত দুই পুলিশ সদস্যের পরিচয়ও প্রকাশ করেছে ক্লিভল্যান্ড পুলিশ। তারা হলেন ৩৭ বছর বয়সী কনস্টেবল ম্যাথিউ ব্লেডস এবং ৩৮ বছর বয়সী টম ক্লফ। প্রধান কনস্টেবল ভিক্টোরিয়া ফুলার তাদের ‘সাহসী কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে বলেন, তারা দায়িত্ব শেষে আর পরিবারের কাছে ফিরে যেতে পারেননি।
 

পুলিশ জানিয়েছে, ভক্সওয়াগনের যাত্রীদের পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

প্রধান কনস্টেবল ফুলার বলেন, ক্লিভল্যান্ডের জন্য এটি অত্যন্ত দুঃখজনক একটি দিন।
 

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ নিয়ে এই মুহূর্তে কোনো ধরনের অনুমান বা জল্পনা না করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০