জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতার ‘বাড়ি দখল’ করার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত বিএনপি নেতার নাম মিজানুর রহমান। তিনি রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভুক্তভোগী বেলাল হোসেন রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। রায়কালী গ্রামে প্রায় চার শতাংশ জমির ওপর তার দোতলা পাকা বাড়ি রয়েছে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, ওই আওয়ামী লীগ নেতার বাড়ি ছেড়ে দেওয়ার জন্য দেওয়া সাত দিনের সময়সীমা পার হওয়ার পরও মিজানুর রহমান বাড়িটি না ছাড়ায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই তাকে বাড়িটি ছেড়ে দিতে সাত দিনের সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি বাড়িটি ছেড়ে দেননি। পরে দলের ভাবমূর্তি রক্ষায় তাকে সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না।’
স্থানীয় সূত্র ও অভিযোগপত্র থেকে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রায়কালী ইউনিয়ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন কয়েক বছর আগে বাড়িটি অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখায় বন্ধক রেখে ১২ লাখ টাকা ঋণ নেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে তার স্ত্রী শাহনাজ বেগমও বাড়ি ছেড়ে চলে যান। এরপর মিজানুর রহমান বাড়িটি দখলে নেন বলে অভিযোগ করা হয়।
তবে মিজানুর রহমান বলেন, ‘বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি আমাদের পৈতৃক সম্পত্তি। বেলাল হোসেন আমাদের জমি দখল করে বাড়ি করেছিলেন। আমরা নিজেদের জায়গা ফেরত নিয়েছি।’
এদিকে, বাড়ি দখলের অভিযোগে বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, অভিযোগটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআই বজলুর রহমান বলেন, ‘আমি এলাকায় গিয়ে মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি জায়গাটি তার দাদার বলে দাবি করেছেন। তবে বিষয়টি নিয়ে থানায় বসার কথা থাকলেও তিনি বসেননি।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০২




