‘খেলাধুলার উন্মাদনায় মেতে উঠুক ক্যাম্পাস’—এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আগামী ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, গত ২৫ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্থাপিত টেন্টে টুর্নামেন্টের দল নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রতিটি বিভাগ থেকে একটি করে দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার বিজয়ী দলকে প্রাইজমানির পাশাপাশি আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে।
টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে বলে আমরা বিশ্বাস করি। রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি সুন্দর, সুস্থ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শাবিপ্রবি ছাত্রদল ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
শাবিপ্রবি ছাত্রদলের অর্থ সম্পাদক তারেক রহমান জানান, এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জন্য একটি আনন্দময়, সুস্থ ও ইতিবাচক পরিবেশ তৈরি করা। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে। যৌক্তিক ও শিক্ষার্থীকেন্দ্রিক কর্মকাণ্ডে ছাত্রদল বরাবরই ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে আসছে, যার ধারাবাহিকতায় এই আয়োজন।
একই বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ বলেন, শিক্ষার্থীবান্ধব যেকোনো কর্মকাণ্ডে ছাত্রদল সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে চায়। তারই ধারাবাহিকতায় নবীনদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-০১




