পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির দিনেও সিলেটে হামের সংক্রমণ ও মৃত্যু থামেনি। ছুটির এই দিনেও হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৬ জন। একই সময়ে সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে।
ফলে সিলেট বিভাগে হামে সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে।
বুধবার (২৬ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহজনক ১২৬ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহজনক ৩২০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন ভর্তি আছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, নর্থ ইস্ট হাসপাতালে ৫, বিয়ানীবাজারে ৪, জকিগঞ্জে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০, জামালগঞ্জে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫ জন। এর মধ্যে সিলেটে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।
মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হামে সিলেটে ৫৩, হবিগঞ্জে ১৫, মৌলভীবাজারে ১২ এবং সুনামগঞ্জে ৫৬ জনসহ মোট ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জনের। সব মিলিয়ে বিভাগে হামে সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৪৬ জন।
সিলেটভিউ২৪ডটকম/ শাদি-আচৌ




